অস্ট্রেলিয়ায় বিং নিয়ে প্রস্তুত মাইক্রোসফট

১ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৭  
অস্ট্রেলিয়া নতুন আইন তৈরি করেছে। ওই আইনের আওতায় ইন্টারনেট জায়ান্ট গুগল এবং সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুককে স্থানীয় প্রকাশকদেরকে অর্থ দিতে হবে। কিন্তু ওই আইনের প্রতি উত্তরে অস্ট্রেলিয়া থেকে নিজেদের সার্চ সেবা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলো গুগল। এবার সে সুযোগ কাজে লাগাতে চাইছে মাইক্রোসফট। নিজেদের সার্চ সেবা বিং অস্ট্রেলিয়ার সার্চ চাহিদা পূরণ করতে পারবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। সোমবার মাইক্রোসফটের খবরটি জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা বিং নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রস্তুত। মরিসন বলেছেন, “সত্য় নাদেলার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি মাইক্রোসফট অনেকটাই আত্মবিশ্বাসী। আমরা শুধু ডিজিটাল বিশ্বের নিয়মকে বাস্তব বিশ্বের নিয়মের মতো একই রকম করতে চাচ্ছি।” এই আলোচনা হওয়ার খবর নিশ্চিত করেছেন মাইক্রোসফটের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, নতুন নিয়মের ব্যাপারে মরিসনের সঙ্গে কথা বলেছেন মাইক্রোসফট প্রধান নির্বাহী সত্য নাদেলা।